নির্বাচন পেছাতে কোনো অজুহাত তৈরি করা যাবে না: মির্জা আব্বাস

 

নির্বাচন পেছাতে কোনো অজুহাত তৈরি করা যাবে না: মির্জা আব্বাস



বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঢাকা, ৪ মার্চছবি: বিএনপির সৌজন্যে

নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য অজুহাত তৈরির পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, কিছু কিছু লোক নির্বাচনপ্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরির পাঁয়তারা করছে। এতে দেশি-বিদেশি চক্রান্ত কাজ করছে।

 বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়ে যায়, অনেকেরই ক্ষতি হবে। নির্বাচন যারা পিছিয়ে দিতে চাচ্ছে, তাদের ক্ষতি হবে। নির্বাচনপ্রক্রিয়া পেছানোর জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে আজ মঙ্গলবার দুপুরে মির্জা আব্বাস সাংবাদিকদের এ কথা বলেন।

আজ সকালে এক কর্মসূচিতে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘যত দিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি, তত দিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে।’ এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘নতুন দলের নেতারা এটা বলতেই পারেন। বিচার হোক না..., বিচার তো আমিও চাই। আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিচার আমি চাই, বিএনপি চায়, সবাই চায়। বিচার হতেই হবে। বাংলাদেশের মাটিতে এদের বিচার হতেই হবে।’ তিনি বলেন, বিচার বন্ধ থাকুক, এটা তো কেউ বলে না। নির্বাচনের আগে–পরে কোনো আদালত বন্ধ থাকে বা দ্রুতগতিতে চলে, এমনটা নয়। আদালত তার নিয়মেই চলে।

মির্জা আব্বাস বলেন, ‘দ্রুত বিচার আদালতে আমার সাজা হয়েছে। আমার স্ত্রীর ১৬ বছরের সাজা হয়েছে, আমার ভাইয়ের ১৮ বছরের সাজা হয়েছে। আরও অনেকেরই সাজা হয়েছে। দ্রুত বিচার আদালতে বিচার হোক। কিন্তু নির্বাচনপ্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না।’

Comments

Popular posts from this blog

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫৩১ জনের যোগদানের পথ খুলল

নড়াইল লোহাগড়া থানা কর্তৃক ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১

মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি