ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কিশোরীর
ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কিশোরীর
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ফাইল ছবি
শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম আসপিয়া খাতুন (১৭)। সে পুরাতন সাতক্ষীরা কলোনিপাড়া এলাকার আব্দুস সবুরের মেয়ে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের মামা মহসিন আলী জানান, আসপিয়া খাতুন বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে পরিবারের অন্য তিন সদস্যদের সঙ্গে সদর উপজেলার ধুলিহর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল মাহফিল শুনতে।
শুক্রবার সকালে ইজিবাইকে বাড়ি ফেরার পথে আলিয়া মাদ্রাসায় পৌঁছালে আসপিয়ার গায়ের ওড়না ইজিবাইকের চাকায় জড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে সে ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।
পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই রাস্তায় আসপিয়ার মৃত্যু হয়।

Comments